ঈদের দিনে রামিসার পরিবারের পাশে বিএনপি, প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন রিজভী
Published : ০২:৪৪, ২৯ মে ২০২৬
পবিত্র ঈদুল আযহার দিন রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পক্ষ থেকে খোঁজখবর নেন।
গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার শিকার হয়। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান রিজভী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রামিসার পরিবারের পাশে দাঁড়াতে এসেছেন তারা। একইসঙ্গে নিহত শিশুর বড় বোন রাইসার পড়ালেখার দায়িত্ব নেওয়ার কথাও জানান তিনি।
রিজভী বলেন, “রামিসার পরিবারের এই শোক আমাদের সবার। আমরা তাদের একা ফেলে দেব না। বিচার নিশ্চিতের পাশাপাশি পরিবারের প্রয়োজনীয় সহায়তায়ও পাশে থাকব।”
এ সময় রামিসার বাবার কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিএনপির সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।



































