শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
Published : ০২:৪২, ৩০ মে ২০২৬
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন। দেশের রাজনৈতিক ইতিহাসে দিনটি একটি গুরুত্বপূর্ণ ও শোকাবহ অধ্যায় হিসেবে বিবেচিত।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশব্যাপী আট দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। গত ২৫ মে থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে ১ জুন পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত রাখা, দোয়া মাহফিল, আলোচনা সভা, খাদ্য ও বস্ত্র বিতরণ এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে।
সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানাসহ দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে। স্থানীয় পর্যায়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে।
আগামীকাল ৩১ মে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগী হন এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা হিসেবে পরিচিতি লাভ করেন।
বর্তমানে তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে।



































