জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
Published : ০৩:১৭, ৩১ মে ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠন এবং মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র এবং শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল দেশের সেবা করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বই দেননি, বরং দেশ গঠন ও জনগণের কল্যাণে কাজ করার একটি আদর্শও রেখে গেছেন।
তিনি বলেন, “আমরা আজ সেই আদর্শের ধারাবাহিকতায় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই শহীদ জিয়ার রাজনৈতিক শিক্ষার মূল প্রতিফলন।”
তারেক রহমান বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের দেশ ও মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।”
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী উপস্থিত দুস্থ মানুষের হাতে বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দেন।
এর আগে সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
পরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি স্কুল মাঠে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজধানীর মোট ১৭টি স্থানে আয়োজিত বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।



































