ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জামায়াত নেতার

ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জামায়াত নেতার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১২, ১১ আগস্ট ২০২৬

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।


সোমবার (১০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ উদ্যোগ বাতিলের দাবি জানান।


মিয়া গোলাম পরওয়ার বলেন, শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগ নিয়েছে। গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।


তিনি বলেন, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় প্রভাব ও ঘুষ-বাণিজ্যের পুরোনো চক্র আবার সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যোগ্য, মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ জরুরি। কিন্তু নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে গেলে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব বিস্তার এবং আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হতে পারে।


জামায়াতের এই নেতা বলেন, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের বিদ্যমান প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে প্রার্থীরা নিজ যোগ্যতায় শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ পেয়েছেন এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি অনেকাংশে নিশ্চিত হয়েছে।


তার ভাষ্য, বিদ্যমান নিয়োগব্যবস্থার সীমাবদ্ধতা ও জটিলতা দূর করে সেটিকে আরও কার্যকর করার পরিবর্তে আবার ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়া হলে অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে দলীয় প্রভাব, স্বজনপ্রীতি, অর্থের বিনিময়ে নিয়োগ এবং স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপের অভিযোগ আবারও সামনে আসতে পারে।


মিয়া গোলাম পরওয়ার বলেন, শিক্ষক নিয়োগ কোনোভাবেই রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের বিষয় হওয়া উচিত নয়। মেধা, যোগ্যতা, দক্ষতা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দিতে হবে।


তিনি সরকারের প্রতি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের উদ্যোগ বাতিল করার আহ্বান জানান। একই সঙ্গে এনটিআরসিএর বিদ্যমান নিয়োগব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক ও কার্যকর করার দাবি জানান।


প্রয়োজনে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতো একটি স্বাধীন ও নিরপেক্ষ কাঠামোর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

শেয়ার করুনঃ
Advertisement