ভিএআর নিয়ে বিভ্রান্তি কমাতে ‘ক্লিয়ার লাইন’ নির্দেশিকা উয়েফার

ভিএআর নিয়ে বিভ্রান্তি কমাতে ‘ক্লিয়ার লাইন’ নির্দেশিকা উয়েফার ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১১:২৬, ১১ আগস্ট ২০২৬

কখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হস্তক্ষেপ করবে আর কখন মাঠের রেফারির সিদ্ধান্তই বহাল থাকবে—ফুটবলে দীর্ঘদিনের এই বিতর্ক ও বিভ্রান্তি কমাতে নতুন নির্দেশিকা চালু করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।


‘ক্লিয়ার লাইন’ নামে প্রথমবারের মতো একটি প্রকাশ্য ভিএআর নির্দেশিকা চালু করেছে সংস্থাটি।

এর মূল লক্ষ্য হলো ভিএআরের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ কমানো এবং মাঠের রেফারির সিদ্ধান্তকে আরও বেশি গুরুত্ব দেওয়া।


উয়েফা জানিয়েছে, শুধু ম্যাচের ফল বদলে দিতে পারে এমন পরিষ্কার ও সুস্পষ্ট ভুল কিংবা গুরুতর কোনো ঘটনা রেফারির নজর এড়িয়ে গেলেই ভিএআর হস্তক্ষেপ করবে।

অর্থাৎ সামান্য বা খুব সূক্ষ্ম ভুল খুঁজে বের করার জন্য ভিএআর ব্যবহার করা হবে না।


উয়েফার ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে ‘ক্লিয়ার লাইন’ প্ল্যাটফর্মটি।

সেখানে একশর বেশি ঘটনার ভিডিও, বিভিন্ন পরিস্থিতির উদাহরণ এবং ভিএআর ব্যবহারের ব্যাখ্যা রাখা হয়েছে।

খেলোয়াড়, কোচ, সমর্থক ও সাংবাদিকরা এসব উদাহরণের মাধ্যমে বুঝতে পারবেন, কোন ঘটনায় কেন ভিএআর হস্তক্ষেপ করেছে কিংবা করেনি।


উয়েফার রেফারিং প্রধান রবার্তো রোসেত্তি বলেন, ‘ভিএআর কখন হস্তক্ষেপ করবে, সেটিই এখন সবার সবচেয়ে বড় প্রশ্ন।’

গত আট বছরের অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রতিযোগিতায় ঘটে যাওয়া একশর বেশি পরিষ্কার ঘটনা বিশ্লেষণ করে নির্দেশিকাটি তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।


রোসেত্তির মতে, ভিএআর ব্যবহারের ক্ষেত্রে সবার জন্য একটি অভিন্ন মানদণ্ড থাকা জরুরি।


উয়েফার রেফারিং বিভাগের কর্মকর্তা কার্লোস ভেলাসকো কারবাইয়ো জানান, ‘ক্লিয়ার লাইন’ শুধু রেফারি বা রেফারিং সংস্থাগুলোর জন্য তৈরি করা হয়নি।

সাধারণ ফুটবলপ্রেমীরাও যাতে সহজে নির্দেশনাগুলো বুঝতে পারেন, সেজন্য কঠিন রেফারিং পরিভাষার পরিবর্তে অনেক ক্ষেত্রে প্রচলিত ভাষা ব্যবহার করা হয়েছে।


চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তের পর সমর্থক কিংবা সংশ্লিষ্ট ক্লাব চাইলে ‘ক্লিয়ার লাইন’-এর ভিডিওভান্ডারে থাকা একই ধরনের ঘটনার সঙ্গে সেটি তুলনা করতে পারবে।

এতে সিদ্ধান্তের পেছনে উয়েফার ব্যাখ্যা ও নীতিমালা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।


নির্দেশিকাটি তৈরির আগে ইউরোপের পাঁচ বড় ফুটবল দেশের রেফারিং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে উয়েফা।

এ প্রক্রিয়ায় স্পেনের দাভিদ ফার্নান্দেস বোরবালান, ফ্রান্সের অ্যান্থনি গৌতিয়ের, জার্মানির কুন্ট কিরশার, ইতালির দোমেনিকো মেসিনা এবং ইংল্যান্ডের হাওয়ার্ড ওয়েব যুক্ত ছিলেন।


সাবেক খেলোয়াড়, কোচ ও সাংবাদিকদের সঙ্গেও আলোচনা করেছে উয়েফা।

আলোচনায় ফুটবলের আইন ও ভিএআর সিদ্ধান্ত ব্যাখ্যার ক্ষেত্রে বিভিন্ন দেশ ও প্রতিযোগিতায় ভিন্ন ভাষা ও মানদণ্ড ব্যবহারের বিষয়টি উঠে আসে।

‘ক্লিয়ার লাইন’-এর মাধ্যমে ইউরোপজুড়ে এই ব্যবধান দূর করে অভিন্ন ব্যাখ্যা প্রতিষ্ঠা করতে চায় উয়েফা।


চলতি মৌসুম থেকেই নিজেদের সব প্রতিযোগিতায় নতুন নির্দেশিকা অনুসরণ করবে সংস্থাটি।

এতে ছোটখাটো ঘটনা পর্যালোচনা বা দীর্ঘ সময় ধরে সিদ্ধান্ত যাচাইয়ের পরিবর্তে শুধু স্পষ্ট ভুল সংশোধনে মনোযোগী থাকবে ভিএআর।


ভিএআর চালুর সময় মূল ধারণাই ছিল, প্রযুক্তি কেবল পরিষ্কার ভুল সংশোধনে মাঠের রেফারিকে সহায়তা করবে।

কিন্তু সময়ের সঙ্গে ছোটখাটো ঘটনাও পর্যালোচনা এবং দীর্ঘ সময় ধরে সিদ্ধান্ত যাচাইয়ের কারণে সেই মূল উদ্দেশ্য অনেকটাই হারিয়ে যায়।


নতুন নির্দেশিকার মাধ্যমে সেই মূল ধারণাতেই ফিরতে চাইছে উয়েফা।

‘ক্লিয়ার লাইন’ খেলার আইন পরিবর্তন করছে না; বরং একই আইন কীভাবে ধারাবাহিকভাবে প্রয়োগ করা হবে, সেটিই স্পষ্ট করছে।

পাশাপাশি ভিএআরের ভূমিকা সীমিত রেখে মাঠের প্রধান রেফারির সিদ্ধান্ত ও কর্তৃত্ব আরও শক্তিশালী করতে চাইছে সংস্থাটি।


 

শেয়ার করুনঃ
Advertisement