প্রাণনাশের হুমকি পেলেন সৌরভ গাঙ্গুলী ও তাঁর স্ত্রী

প্রাণনাশের হুমকি পেলেন সৌরভ গাঙ্গুলী ও তাঁর স্ত্রী ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

Published : ১২:১৭, ১১ আগস্ট ২০২৬

ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলী প্রাণনাশের হুমকিসহ একাধিক চিঠি পেয়েছেন। সর্বশেষ পাওয়া দুটি চিঠিতে তাঁকে ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।


ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, হুমকির ঘটনায় দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেছেন সৌরভ।

এরপর চিঠিগুলোর প্রেরককে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।


পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।

চিঠির ভাষা, কোথা থেকে পাঠানো হয়েছে এবং কুরিয়ার সার্ভিসের তথ্য বিশ্লেষণ করে দায়ী ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।


সৌরভ তাঁর কার্যালয়ে সর্বশেষ হুমকিসূচক চিঠি পাওয়ার পর থানায় অভিযোগ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, প্রায় ছয় মাস ধরে তাঁর নামে এ ধরনের চিঠি আসছিল।

তবে শুরুতে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি।


সৌরভের ব্যবস্থাপকের করা পুলিশি অভিযোগ অনুযায়ী, সর্বশেষ তাঁর কার্যালয়ে আসা দুটি চিঠিতে সরাসরি সৌরভ ও তাঁর স্ত্রী ডোনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

একই সঙ্গে তাঁদের স্বজন ও ঘনিষ্ঠজনদের ক্ষতি করারও হুমকি রয়েছে।


প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানিয়েছে, চিঠি দুটি উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার এক ব্যক্তি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকতে পারেন।

সন্দেহভাজন ব্যক্তির ব্যবহৃত একটি সিম কার্ডের অবস্থান ও গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে।


এ ছাড়া পার্সেলের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

এক কর্মকর্তা জানান, কুরিয়ার কর্মীদের সঙ্গে কথা বলে একটি মোবাইল নম্বর শনাক্ত করা হয়েছে এবং নম্বরটির বর্তমান অবস্থান জানার চেষ্টা চলছে।


সবগুলো চিঠি একই ব্যক্তির পাঠানো কি না এবং সৌরভ ও তাঁর স্ত্রীকে হুমকি দেওয়ার পেছনে প্রকৃত কারণ কী—তা খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা।

শেয়ার করুনঃ
Advertisement