ইউটিউবকে চ্যালেঞ্জ জানাতে চীনের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে বিলিবিলি
Published : ১২:৪২, ২৭ আগস্ট ২০২৬
চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম বিলিবিলি এবার আন্তর্জাতিক বাজারে বড় পরিসরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বজুড়ে দর্শক ও কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সংস্করণের অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করেছে। পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইটও চালুর প্রস্তুতি চলছে। এর মাধ্যমে বিশ্ব ভিডিও প্ল্যাটফর্মের বাজারে ইউটিউবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চাইছে চীনা প্রতিষ্ঠানটি।
মানি কন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য বিলিবিলি নতুন সংস্করণের অ্যাপ চালু করেছে। বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারছেন। শিগগির আইওএস সংস্করণও চালু হতে পারে।
আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়াও সহজ করেছে বিলিবিলি। আগে বিদেশ থেকে মূল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পাসপোর্ট বা পরিচয়পত্রের মতো নথি দিয়ে পরিচয় যাচাই করতে হতো। নতুন আন্তর্জাতিক সংস্করণে সেই বাধ্যবাধকতা রাখা হয়নি। ফলে বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়া তুলনামূলক সহজ হবে।
বিলিবিলির দাবি, আন্তর্জাতিক ও চীনা সংস্করণে মূলত একই ধরনের কনটেন্ট পাওয়া যাবে। এতে বিদেশি নির্মাতারা চীনের বিপুল দর্শকগোষ্ঠীর কাছে নিজেদের ভিডিও পৌঁছানোর সুযোগ পাবেন। একইভাবে আন্তর্জাতিক দর্শকরাও বিভিন্ন নতুন কনটেন্ট দেখার সুযোগ পাবেন।
আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতে ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির কাজও করছে বিলিবিলি। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের মতো গুরুত্বপূর্ণ বাজারে কর্মী নিয়োগ শুরু করেছে। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের জন্য পদ খোলা হয়েছে।
শুধু দর্শক বাড়ানো নয়, আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। নির্মাতাদের সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য একটি মার্কেটপ্লেস তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্পনসরড কনটেন্টসহ বিভিন্ন বাণিজ্যিক কাজের সুযোগ তৈরি হতে পারে।
চীনে বিলিবিলির ব্যবহারকারীর সংখ্যাও বেশ বড়। প্রতিষ্ঠানটির মূল প্ল্যাটফর্মে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৭ কোটি ৬০ লাখ। আন্তর্জাতিকভাবে পরিচিত নির্মাতাদেরও প্ল্যাটফর্মে যুক্ত করার চেষ্টা করছে তারা। মার্কিন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মি.বিস্টের মতো তারকারাও বিলিবিলির চীনা প্ল্যাটফর্মে পরিচিত।
তবে আন্তর্জাতিক বাজারে বিলিবিলির সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। বিশ্বজুড়ে অনলাইন ভিডিও দেখার ক্ষেত্রে এখনো ইউটিউবের শক্ত অবস্থান রয়েছে। ফলে নতুন বাজারে জায়গা করে নিতে বিলিবিলিকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।
এর পাশাপাশি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন দেশে কনটেন্ট নিয়ন্ত্রণ, সেন্সরশিপ এবং ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। টিকটকের অভিজ্ঞতা দেখিয়েছে, চীনা মালিকানাধীন প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো পশ্চিমা দেশগুলোতে নিয়ন্ত্রক ও রাজনৈতিক চাপের মুখে পড়তে পারে।
সব মিলিয়ে আন্তর্জাতিক নির্মাতাদের জন্য সহজ নিবন্ধন, বড় দর্শকগোষ্ঠী এবং আয়ের সুযোগ তৈরি করতে পারলে বিশ্ব ভিডিও প্ল্যাটফর্মের বাজারে বিলিবিলি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে ইউটিউবের শক্ত অবস্থান ভেঙে আন্তর্জাতিক বাজারে নিজেদের জায়গা তৈরি করা প্রতিষ্ঠানটির জন্য সহজ হবে না।

































